বাংলাদেশ ব্যাংকের দুই নির্বাহী পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। দুদকের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিম রুপালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কমিশনের বিনিময়ে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। উপপরিচালক সামছুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। আজ রোববার অনুসন্ধান কর্মকর্তা আবদুর রহিম ও ব্যাংকের মানবসম্পদ বিভাগের একজন মহাব্যবস্থাপককে দুদকে তলব করে চিঠি পাঠিয়েছেন। তাঁদের ৭ জুন দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
এদিকে আজ বাংলাদেশ ব্যাংকের আরেক নির্বাহী পরিচালক মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন। এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।