রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গুলিতে আহত আবদুর রশিদ গত রোববার রাতে এ মামলা করেন।
থানা সূত্র জানায়, মামলায় জনসংহতি সমিতির (সন্তু) বাঘাইছড়ি শাখার সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমাসহ নয়জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, ১৮ অক্টোবর রাতে তিনজন অস্ত্রধারী উপজেলা সদরে আসে। এ সময় জনসংহতি সমিতির (এমএন লারমা) রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক চিত্র বিকাশ চাকমা ও মধ্যমপাড়া গ্রামের আবদুর রশিদ গল্প করছিলেন। সে সময় অস্ত্রধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।