প্রাথমিকে ঝরে পড়া রোধে পাইলট প্রকল্প হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার একটি বিদ্যালয়ে দুপুরের খাবার (মিডডে মিল) চালু করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক সমাবেশে স্থানীয় সাংসদ গতকাল এ ঘোষণা দেন।গতকাল সকাল ১০টায় বাঘা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে বাঘা পৌর এলাকার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা থেকে ২০১০ ও ২০১১ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে যেসব সুপারিশ আসে, তা সারা দেশের শিক্ষার মানোন্নয়নে কাজে লাগানোর স্বার্থে সংসদে উত্থাপনের ঘোষণা দেন বাঘা-চারঘাট আসনের সাংসদ ও প্রধান অতিথি শাহরিয়ার আলম।