হবিগঞ্জের বানিয়াচংয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই ভোটাররা উচ্ছ্বাস আর উৎসাহ নিয়ে কেন্দ্রে আসতে শুরু করেন। এখানে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারজনই আওয়ামী লীগের। দুজন বিএনপির ও একজন জাসদের। ভোটের লড়াই হয়েছে আওয়ামী লীগের তিন নেতা ও বিএনপি-সমর্থিত প্রার্থীর মধ্যে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন আমীর হোসেন ও বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ বশির আহমেদ। এ পদে আওয়ামী লীগ থেকে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের আবুল কাশেম চৌধুরী।
বেলা ১১টায় উপজেলার পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই হাজার ৮৪৭ ভোটের মধ্যে এক হাজার ৬৭টি ভোট পড়েছে। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামাল হোসেন মজুমদার বলেন, এখানে বেলা ১১টা পর্যন্ত এ কেন্দ্রে উপস্থিত মোট ভোটারের ৮০ শতাংশই ছিলেন নারী। যাঁদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা এবং এঁদের অনেকেই নতুন ও পরিচ্ছন্ন কাপড় পরে কেন্দ্রে আসেন।
সদর উপজেলার ডা. ইলিয়াস আলী একাডেমী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হক খান বেলা একটায় জানান, এ কেন্দ্রে ৫০ শতাংশের ওপর ভোট পড়েছে।
বেলা দেড়টায় বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ বশির আহমেদ বলেন, ‘নির্বাচন সুন্দরভাবেই হচ্ছে। এখানে কোথাও কোনো সমস্যা হচ্ছে না।’
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বেলা দুইটায় বলেন, সুষ্ঠু ভোট হয়েছে। তিনি নির্বাচনে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।