বান্দরবানের নিউ গুলশান আবাসিক এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত রোববার স্থানীয় লোকজন চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসী জানান, এক মারমা ও তাঁর স্ত্রী বেশ কয়েক বছর ধরে আদিবাসী তরুণীদের ফাঁদে ফেলে আবাসিক এলাকার বাসায় অসামাজিক কাজ করাচ্ছেন। বিষয়টি অনেকবার পুলিশ ও প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার ওই বাড়ি ঘেরাও করে। তাঁরা বাড়িওয়ালা এবং তাঁর স্ত্রী ও দুই তরুণীকে বাড়ি থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।বান্দরবান সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজেশ জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।