বাল্যবিবাহ নিরোধ আইন থেকে বিশেষ ধারা বাদ দেওয়ার দাবি

মন্ত্রিসভায় অনুমোদিত বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ ক্ষেত্রে ১৮ বছরের আগে বিয়ের বিধান থাকায় উদ্বেগ, বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি মনে করে, বিশেষ বিধান রাখায় আইনটির অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকবে। তা ছাড়া, প্রচলিত আইন, শিশু অধিকার সনদ ও সিডও সনদের সঙ্গে এটি সাংঘর্ষিক হবে।

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, কন্যাশিশুর বিয়ের বয়স ন্যূনতম ১৮ রেখে আবার বিশেষ ক্ষেত্র যুক্ত করায় বাল্যবিবাহ আইনত বৈধতা পেল। তাঁরা এ প্রসঙ্গটি বাদ রেখে আইনটি জাতীয় সংসদে পাস করার দাবি জানান।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো ও সাধারণ সম্পাদক শম্পা বসু পৃথক বিবৃতিতে ওই আইনের খসড়া থেকে বিশেষ ধারাটি বাদ দেওয়ার দাবি জানান।