বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

দিনাজপুর সদর উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ব্যাংকালি নামক স্থানে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুক্তার হোসেন (৬০), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০) ও মুক্তারের ছোট ভাই রেজাউল করিম (৪২)।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হিপজুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’
পুলিশ জানায়, মুক্তার ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে মারা যান। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজাউল। ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যান।