
চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার প্রবেশমুখে শাহ আমানত সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন আবু বক্কর (২৯) ও মো. মফিজ উদ্দিন (৫০)। আবু বক্করের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা-করলডেঙ্গা ইউনিয়নের শেখ চৌধুরীপাড়া এলাকায়। তিনি খাতুনগঞ্জে পাইকারি বাজারে ভোগ্যপণ্যের ব্যবসা করেন।
মফিজ উদ্দিন খাতুনগঞ্জে একটি মসজিদের ইমাম। তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন জানান, দুজন মোটরসাইকেলে খাতুনগঞ্জ থেকে বেরিয়ে শাহ আমানত সেতুর দিকে যাচ্ছিলেন।
আবু বক্কর মোটরসাইকেল চালাচ্ছিলেন। একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজন ছিটকে পড়েন।