বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ জন নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ আগামী ১০ আগস্ট ধার্য করেছেন আদালত৷ গতকাল রোববার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালত এ তারিখ ধার্য করেন৷
গতকাল অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে মির্জা ফখরুল, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, আমান উল্লাহ আমান, শরাফত আলী, হাবিব-উন নবী খানসহ ২০ জন আদালতে হাজির ছিলেন৷
আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, গতকাল কয়েকজন আসামি আদালতে আসতে না পারায় তাঁদের পক্ষে সময়ের আবেদন করা হয়৷ আদালত তা মঞ্জুর করেন৷
এই দুটি মামলার মধ্যে পল্টন থানার মামলায় মির্জা ফখরুলসহ ৪১ জনকে আসামি করা হয়েছে৷ শাহজাহানপুর থানায় করা মামলায় আসামি হলেন মির্জা ফখরুলসহ ২৩ জন৷
বিএনপির নেতৃত্বে তৎকালীন ১৮-দলীয় জোটের ডাকা অববোধ কর্মসূচিকে কেন্দ্র করে গত বছরের ২ মার্চ রাজধানীর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ পল্টন থানায় একটি মামলা করে৷ ওই বছরের ৬ মার্চ শাহজাহানপুরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানায় অপর মামলাটি করা হয়৷