
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি মানুষকে খাম্বা দিয়েছে আর শেখ হাসিনা মানুষকে বিদ্যুত্ দিয়েছেন। আজ শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলার নতুন খারাকান্দি এলাকায় ‘শুভ গ্রাম বিদ্যুত্ বিতরণ’ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আশা করছি এক বছরের মধ্যে কেরানীগঞ্জের প্রতিটি গ্রামে বিদ্যুত্ যাবে। আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুত্ চাই। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলা আন্তর্জাতিক সালিসি আদালতে মীমাংসা হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সমুদ্রসীমা থেকে আমরা গ্যাস ও তেল আহরণ করতে পারব। শেখ হাসিনার বদৌলতে এ কাজ হয়েছে। এ দেশ কারও একার নয়, এ দেশ আওয়ামী লীগ-বিএনপি সবার। অথচ বিএনপি এ অর্জনের সমালোচনা করে। তারা এ দেশকে ভালোবাসে না বলে তাদের মুখ বেজার।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলার কলাতিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. আজিজ।