লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামতনিজ্জমা সীমান্তে গত রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের আবেদ আলী ও সবুজ মিয়া।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, গরু ব্যবসায়ীর একটি দল ভারতের কোচবিহারের মাথাভাঙ্গা থানার কিসামতনিজ্জমা গ্রামে যায়। পরে গরু নিয়ে দেশে ফেরার পথে জলপাইগুড়ি রানীনগর-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সামনে পড়ে। এ সময় বিএসএফের গুলিতে আবেদ (২৬) ও সবুজ (২৪) আহত হন। সঙ্গীরা তাঁদের বাড়ি নিয়ে আসেন।
লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শফিউল আলম খান বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।