বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন এইচআইভির জীবাণু বহনকারী ২৫ জন মা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বিএসএমএমইউ ক্যাম্পাসে বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে উপাচার্য প্রাণ গোপাল দত্ত এ কথা জানান।
প্রাণ গোপাল দত্ত বলেন, সারা বিশ্বে শিশু মৃত্যুর অন্যতম কারণ এইচআইভি জীবাণুর সংক্রমণ। গর্ভকালীন, প্রসবকালীন ও মায়ের দুধ থেকে সংক্রমণের ঘটনা ঘটে। তবে মা থেকে শিশুর এই সংক্রমণ রোধ করা যায়। সরকারের জাতীয় এইডস ও যৌনবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি ও জাতিসংঘ শিশু তহবিলের সহযোগিতায় একটি প্রকল্পের মাধ্যমে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ২৫ জন মা সেবা পেয়েছেন। তাঁরা সন্তানদের বুকের দুধও খাইয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান সালেহা বেগম চৌধুরী জানান, বিএসএমএমইউতে কোনো খরচ ছাড়াই এইচআইভি ও সিফিলিস পরীক্ষা, এইচআইভিতে আক্রান্ত মায়েদের চিহ্নিত করা, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, জন্মের ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই শিশু এইচআইভি ভাইরাসে আক্রান্ত কি না, বিশ্ববিদ্যালয়ে তা পরীক্ষা করে দেখার সুযোগ আছে।