বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতির অবসান জরুরি: আর্টিকেল নাইনটিন

সাভারে শিক্ষক হত্যা এবং নড়াইলে কলেজশিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তার প্রসারে কাজ করা সংস্থাটি মনে করে, সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন স্থানে পৌনঃপুনিকভাবে ঘটে চলা শিক্ষক লাঞ্ছনার ঘটনা ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও ঘৃণা-বিদ্বেষেরই বহিঃপ্রকাশ। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলে সংগঠনটি।

আর্টিকেল নাইনটিনের বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়, ভিন্নমত দমন, বহুত্ববাদ ও সহনশীলতা চর্চার অভাব দেশে একটি অসহিষ্ণু ও বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি করছে। বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতির দরুন এই পরিস্থিতি এখন ভয়ংকয় ও অসহনীয় হয়ে উঠছে। এ কারণে অসহিষ্ণুতা ও বিদ্বেষ প্রশমনে বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতির অবসান জরুরি।

বিবৃতিতে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, সাম্প্রতিক কালে নিগৃহীত শিক্ষকদের সবাই ধর্মীয় পরিচয়ে সনাতন ধর্মাবলম্বী। তাঁদেরকে লাঞ্ছনার ধরন পূর্বপরিকল্পিত ও পদ্ধতিগত নিপীড়নেরও ইঙ্গিত দেয়। সুতরাং একে আর বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার কোনো উপায় নেই।

ফারুখ ফয়সল বলেন, নিপীড়নের এসব ঘটনায় স্থানীয় প্রশাসনের প্রাথমিক নীরবতা ও নিষ্ক্রিয়তা দেশের সব শিক্ষক এবং বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের মনে নিরাপত্তাহীনতাবোধ তৈরি করছে। চলমান বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতি এই বোধকে আরও তীব্রতর করেছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের পথে বড় প্রতিবন্ধক। এটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মূলমন্ত্রের সম্পূর্ণ বিরোধী।

ফারুখ ফয়সল আরও বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা ও বিচার পাওয়ার অধিকার দিয়েছে। পাশাপাশি সংবিধান এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দিয়েছে। তাই পদ্ধতিগত নির্যাতন ও নিপীড়নের প্রতিটি ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। এ জন্য বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতিরও অবসান করতে হবে।

বিবৃতিতে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার সাম্প্রতিক দুটি ঘটনাসহ এ ধরনের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।