প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মচারীকে আটক করেছেন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিজি প্রেসের কর্মচারীরা। ওই ব্যক্তির নাম তানভীর আহমেদ তারেক। তাঁর কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিজি প্রেসের কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, বিজি প্রেসের বিতরণকক্ষ থেকে তানভীর বের হচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কাগজপত্র দেখে সন্দেহ হলে তানভীরকে আটক করেন বিজি প্রেসের কর্মচারীরা।
খবর পেয়ে পুলিশ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
বিজি প্রেস কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ইসহাক আলী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সব সময় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের লোকজন প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকে। আর দোষ হয় বিজি প্রেসের।