রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি ছাড়া রেজিস্ট্রার ‘নিয়োগ’ বাতিলের দাবিতে প্রতীকী অনশন পালন করেছেন কর্মকর্তাদের একাংশ। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
অনশন পালনকালে রেজিস্ট্রার নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গোলাম ফিরোজ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফিরোজুল হক, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান, সেকশন কর্মকর্তা সামসুল হক প্রমুখ। বক্তারা আজ মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন৷
আন্দোলনরত কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুযায়ী উন্মুক্ত বিজ্ঞাপনের মাধ্যমে রাজস্ব খাতে রেজিস্ট্রার নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি।