সংক্ষেপ

বিজয় উৎসব

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁওয়ে শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে দুই দিনব্যাপী বিজয় উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। গত সোমবার উৎসব শুরু হয়েছিল। এ উপলক্ষে গ্রামীণ মেলা ও প্রায় হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পথনাটক মঞ্চস্থ করা হয়। গতকাল সন্ধ্যায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগারের পরিচালক আবদুল হান্নান।