জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাজশাহী নগরের ২২ নম্বর ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সেখানে ১৫ জন চিকিৎসক সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন শতাধিক নারী-পুরুষ, শিশুর দাঁত পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করেন। পরে গরিব রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় উদয়ন ডেন্টাল কলেজ এ চিকিৎসা শিবিরের আয়োজন করে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার, চিকিৎসক অধ্যাপক ওবাইদুর রহমান চৌধুরী ও রোকনুজ্জামান।