বাংলাদেশে আরও বেশি লগ্নি করতে ডেনমার্কের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিকায়েল হ্যামনিটি উইনথার গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র উপস্থাপনের সময় তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা বলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। বর্তমান রাষ্ট্রদূতের মেয়াদকালে এ সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে রাষ্ট্রদূত মিকায়েল উইনথার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ: গতকালই এর আগে বাংলাদেশে ব্রুনাইয়ের নবনিযুক্ত হাইকমিশনার হাজা মাসুরাই বিনতি হাজি মাসরি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তিনি বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে এবং এ সম্পর্ক ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন।