ঢাকায় বুড়িগঙ্গা নদীর সোয়ারীঘাট এলাকায় বলগেটের ধাক্কায় নৌকা ডুবে দুজনের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবারও বিক্ষুব্ধ জনতা নদীতে নৌযান দিয়ে অবরোধ করে। সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের রসুলপুর ও কামরাঙ্গীরচরের কয়েক শ বাসিন্দা নদীতীরে বিক্ষোভ ও একপর্যায়ে নদীতে অবরোধ করে। পরে কেরানীগঞ্জ মডেল থানায় বলগেট মালিক সমিতির নেতা, নিহতের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমঝোতা হয়। নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ ও অপরাধীদের বিচারের আশ্বাসের পর তারা অবরোধ তুলে নেয়। দুপুর দেড়টা থেকে বুড়িগঙ্গা নদীতে পণ্যবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়ে আসে।