বৃহত্তর ময়মনসিংহে কাল থেকে পরিবহন ধর্মঘট

বৃহত্তর ময়মনসিংহের ১৬ জেলায় আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি।

গত শনিবার নেত্রকোনায় পরিবহন শ্রমিকদের সঙ্গে নছিমন-করিমনের শ্রমিকদের সংঘর্ষের জের ধরে আজ সোমবার বিকেলে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রথম আলোকে জানান, গত শনিবার নছিমন-করিমনের শ্রমিকেরা পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালালেও নেত্রকোনার জেলা প্রশাসন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেয়নি। এ ছাড়া ঘটনার সময় পরিবহন শ্রমিকদের ওপর গুলি ছোড়া হয়েছে এবং মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে বৃহত্তর ময়মনসিংহের ১৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।