সাত শিল্পীকে শুক্রবার দেওয়া হলো ‘সফিউদ্দীন সম্মাননা ২০২২’। শিক্ষকতা বা অর্পিত দায়িত্ব যারা সার্থকতার সঙ্গে শেষ করেছেন এবং স্ব স্ব ক্ষেত্রে রেখেছেন বিশেষ অবদান এ রকম সাত শিল্পী—মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, শহিদ কবীর ও সৈয়দ আবুল বারক আলভী পেলেন শিল্পগুরুর জন্মশতবর্ষে চালু করা এ সম্মাননা।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয় ‘সফিউদ্দীন সম্মাননা ২০২২’-এর অনুষ্ঠান। ছাপচিত্র বিভাগের আয়োজনে সশরীরে এ পুরস্কার গ্রহণ করেন শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম ও সৈয়দ আবুল বারক আলভী। বিদেশে অবস্থান করায় শহিদ কবীরের সম্মাননাটি গ্রহণ করেছেন তাঁর ভাতিজি। এ ছাড়া মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তিন শিল্পীর পরিবারের সদস্যরা।
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে চারুকলা অনুষদে শুরু হয় দুই দিনের উৎসব। এর অংশ হিসেবে গতকাল ছিল তাঁকে নিয়ে আলোচনা ও ছাপচিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মুহাম্মদ সামাদের সভাপতিত্বে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এ সময় চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেন, ‘বড় বড় অ্যাওয়ার্ড পাওয়া অনেক শিল্পীকেও মানুষ ভুলে গেছে। আবার সে রকম পুরস্কার না পেলেও কেবল রাজনীতি সচেতন ছিলেন বলে জয়নুল আবেদিন, কামরুল হাসান ও সফিউদ্দীন আহমেদকে মানুষ মনে রেখেছে। বন্যা চলছে, এ সময় সফিউদ্দীন স্যারকে খুব মনে পড়ে। নিজের ছবি অপাত্রে চলে যেতে পারে ভেবে তিনি ছবি বিক্রি করতেন না। কিন্তু বন্যার সময় ছবি বের করে দিয়ে বলতেন সেসব বিক্রি করে বন্যার্তদের সহায়তা পাঠাতে। তাঁদের রাজনীতি সচেতনতার প্রভাব পড়েছে পরিবারের সদস্যদের ওপরেও।
বাবার ছবি বিক্রি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারতেন সফিউদ্দীনের ছেলে। কিন্তু তিনি সেটি করেননি। বরং ছবিগুলো আগলে রেখেছেন আজও।’
‘সফিউদ্দীন সম্মাননা ২০২২’ প্রসঙ্গে নিসার হোসেন বলেন, ‘সরকার লোকশিল্পীদের একটি পুরস্কার দিয়েছে। সেই পদকের সঙ্গে রয়েছে স্বর্ণপদক ও মোটা অঙ্কের টাকা।
আমাদের সম্মাননাটি সে রকম নয়। বরং এর আদল অনেকটা জয়নুল সম্মাননার মতো। অর্পিত দায়িত্ব শেষ করার পরের মূল্যায়নের মতো। এই সম্মাননার প্রস্তাবও আসে সফিউদ্দীন স্যারের পরিবারের পক্ষ থেকে। জীবিকাকে ছাপিয়ে যারা শিল্পে বড় অবদান রেখেছেন, এ রকম শিল্পীদের আমরা মূল্যায়ন করতে চেয়েছি।’
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, প্রকৌশলী ময়নুল আবেদিন, শিল্পী আহমেদ নাজির, ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান শেখ মোহাম্মদ রোকনুজ্জামান প্রমুখ।