লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীনিবাস ‘তিস্তা কলি’র দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘চর এলাকার শিশু ও নারীর ক্ষমতায়নে সবার সমন্বিত উদ্যোগ ও অংশগ্রহণ একান্ত দরকার’ স্লোগান সামনে রেখে বেসরকারি প্রতিষ্ঠান প্ল্যান বাংলাদেশের আইসিডিপি প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ ভবন দ্বিতল করা হয়। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন হাবিবুর রহমান, টি এম মোজাহিদুল ইসলাম, এ এস এম মোসলেম উদ্দিন, সৌম্যব্রত গুহ প্রমুখ।