চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শফিউল ইসলাম (৩৪)। তিনি উপজেলার রহনপুর নুনগোলার বাসিন্দা।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা ও আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ মে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির ছাদে বড় ভাই শহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন ছোট ভাই শফিউল ইসলাম। এ ঘটনায় নিহত শহিদুলের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেন।
পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল বলে মামলার বিবরণ সূত্রে জানা যায়।