ভাঙ্গায় হামলা প্রধান শিক্ষকসহ আহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় একদল সন্ত্রাসী একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। এতে ওই শিক্ষকসহ তিনজন আহত হয়েছে। গতকাল সোমবার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিরা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান এবং চতুর্থ শ্রেণীর দুই কর্মচারী সলিম ফারাজী ও দেলোয়ার হোসেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষককে না জানিয়ে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর দুই কর্মচারীকে ছুটি দেন অফিস সহকারী লতিফ হাওলাদার। এ নিয়ে রোববার প্রধান শিক্ষকের সঙ্গে অফিস সহকারীর ঝগড়া হয়। এর জের ধরে গতকাল অফিস সহকারীর ভাতিজা বাবুর নেতৃত্বে কয়েকজন বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে মারধর করে। ঠেকাতে এসে সেলিম ফারাজী ও দেলোয়ার হোসেন আহত হন।