ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৫ জুন তিন দিনের ‘শুভেচ্ছা সফরে’ ঢাকায় আসছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর। ঘনিষ্ঠ বন্ধু ও নিকট প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়, তা এই সফরের মাধ্যমে প্রতিফলিত হবে।
বাংলাদেশ সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন সুষমা স্বরাজ। তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা সফরের সময় সুষমা স্বরাজ গবেষক, বণিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে৷
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মতো অমীমাংসিত বিষয়গুলো সুষমা স্বরাজের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় দীর্ঘদিনের অমীমাংসিত এ বিষয়গুলোর সুরাহা হয়নি। এবার বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসায় এ বিষয়গুলোর নিষ্পত্তির প্রত্যাশা করছে বাংলাদেশ।