ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, সারা বিশ্বে একটাই ধর্ম। আর সেটা হলো মানবতার ধর্ম। বাংলাদেশের ১০০ জন তরুণের একটি প্রতিনিধিদল গত সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। প্রতিনিধিদলটিতে শিক্ষার্থী, সাংবাদিক, উদ্যোক্তা, সমাজকর্মী ও স্বেচ্ছসেবীসহ বিভিন্ন পর্যায়ের তরুণ সদস্যরা রয়েছেন।ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়। ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী তরুণ। ভারতের রাষ্ট্রপতির ভবন থেকে এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ মনোভাব ও পারস্পরিক বোঝাপড়া লালন এবং তরুণদের মধ্যে আন্তর্জাতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের তরুণদের ভারত সফরের আয়োজন করা হয়েছে।প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রতিনিধিদলটির ভারতের ঐতিহাসিক, শিক্ষামূলক, প্রযুক্তিগত ও শিল্প এলাকা সফর করার কথা রয়েছে। পিটিআই।