নেত্রকোনার কেন্দুয়ায় বদলি পরীক্ষা (প্রক্সি) দেওয়ার অপরাধে গতকাল শনিবার রায়হানুজ্জামান রবিন নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রির ইংরেজি বিষয়ে পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। রায়হানুজ্জামানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলের শাহবাগে। একই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থী ফয়সাল জাহানকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরও আটজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, রায়হানুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে প্রশাসন দৃঢ় সংকল্পবদ্ধ।