নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে একটি রোগনির্ণয়কেন্দ্রে (ডায়াগনস্টিক সেন্টার) অভিযান চালিয়ে জি এস পণ্ডিত ওরফে সুবীর নামের এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও ব্যবস্থাপককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ বলেন, শহরের বঙ্গবন্ধু সড়কের কালীবাজার এলাকায় ন্যাশনাল মেডিকেল সেন্টার নামের রোগনির্ণয়কেন্দ্রে অভিযান চালান র্যা ব ১১-এর সদস্যরা। তখন কাগজপত্র না থাকায় ভুয়া চিকিৎসক জি এস পণ্ডিত ওরফে সুবীর, পরিচালক কামাল হোসেন ও ব্যবস্থাপক শুকলা সাহাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুবীরকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।