কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা কার্যালয়ের শৌচাগার থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা পৌনে একটার দিকে এটি উদ্ধার করা হয়। পৌরসভার মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম এ সময় পৌরসভায় ছিলেন না।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম বলেন, দুপুরে পৌরসভা কার্যালয়ের শৌচাগারে এক ব্যক্তি টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখে পুলিশকে খবর দেন। ভেড়ামারা থানা-পুলিশ বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে। পানিতে ভেসে থাকার কারণে বস্তুটি ককটেল বলে মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে, ভয়-ভীতি ছড়ানোর জন্য এটি রাখা হয়েছিল।