ভৈরবে শ্রমিক খুন

কিশোরগঞ্জের ভৈরবে মশার কয়েল তৈরির কারখানার এক শ্রমিক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার স্টেডিয়াম এলাকার পশ্চিমপাড়ার আবদুর রহমানের কয়েল কারখানায় এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদ্রিস মিয়া (৪৫)। বাড়ি উপজেলার স্টেডিয়াম এলাকায়। এ ঘটনায় ওই শ্রমিকের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার ভৈরব থানায় হত্যা মামলা করেছেন।জানা যায়, বৃহস্পতিবার কারখানার একটি পানির পাম্প চুরি হয়। এ জন্য আবদুর রহমান শ্রমিক ইদ্রিসকে দায়ী করেন। প্রতিবাদ করায় আবদুর রহমানের ছেলে শাওন মিয়া ছুরি দিয়ে ইদ্রিসকে আঘাত করতে থাকেন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আবদুর রহমান ও তাঁর ভাই শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।