
একাদশতম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে (আসেম) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উলানবাটোরের চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মঙ্গোলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ পি সাগান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। পরে মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে আসেম ভিলায় নিয়ে যাওয়া হয়। এ সফরকালে সেখানেই তিনি অবস্থান করবেন।
এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
আগামীকাল শুক্রবার উলানবাটোরের শাংরি-লা হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে। শেখ হাসিনা সম্মেলনস্থলে পৌঁছালে সেখানে তাঁকে স্বাগত জানাবেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট তাসখিয়াজিন এলবেগদর্জ।
শেখ হাসিনা সম্মেলনের প্রথম ও দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন এবং আসেমে অংশীদারত্ব ও যোগাযোগ বিষয়ে বক্তব্য দেবেন।
আসেম শীর্ষ সম্মেলনের ফাঁকে কাল সুইস প্রেসিডেন্ট জন স্কনেইদার, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
অতিথিদের সম্মানে আসেম ভিলেজের মঙ্গোলজেনে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে এক ভোজসভায়ও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে ১৯৯৬ সালের ১ মার্চ আনুষ্ঠানিকভাবে এশিয়া-ইউরোপ ফোরাম প্রতিষ্ঠা করা হয়।
আসেম সদস্য দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, ব্রুনেই দারুস সালাম, বুলগেরিয়া, কম্বোডিয়া, চীন, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কাজাখস্তান, লাও পিডিআর, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবুর্গ, মালয়েশিয়া, মাল্টা, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম। দুটি আঞ্চলিক সংস্থা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ান। বাংলাদেশ ২০১২ সালে এই ফোরামে যোগ দেয়।