ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর মো. মফিজুর রহমান। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে বনানীতে নিজ কার্যালয়ে বসে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: আপনার চোখে ওয়ার্ডের প্রধান সমস্যা কোনগুলো?
কাউন্সিলর: আমার ওয়ার্ডে কোনো সমস্যা নেই। গত ২ বছরে এখানে প্রায় ৫৫ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। জলাবদ্ধতার সমস্যা মিটেছে। এলাকার ছয়টি পার্ক ও খেলার মাঠ সংস্কার এবং আধুনিকায়নের জন্যও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাদকের সমস্যা কিছুটা ছিল। সেটাও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় দমন করেছি। হলি আর্টিজানের ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় এখানে কোনো অপরাধজনক কর্মকাণ্ডও নেই। আমরা এই ওয়ার্ডটিকে ঢাকার একটা মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।
প্রথম আলো: কীভাবে এই সাফল্য অর্জন করলেন?
কাউন্সিলর: প্রথমত, এই ওয়ার্ড থেকে রাজস্ব আদায়ের পরিমাণ অনেক বেশি। ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডের এক-তৃতীয়াংশ রাজস্ব এখান থেকে আদায় হয়। এখানে বসবাসরত নাগরিকেরাও অনেক সচেতন। যে কারণে উন্নয়নকাজের জন্য তহবিলের সংকট কখনো হয়নি।