
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে পাঁচজনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ উপজেলায় এখন করোনায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা ৪০।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী (২২), উপজেলার এখলাশপুর এলাকার একে মৌলভী (৬০), একটি ওষুধ কোম্পানির স্থানীয় এক বিক্রয় প্রতিনিধি (৩৫) ও একটি বেসরকারি হাসপাতালের প্যাথোলজিস্ট (৫০) নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। এ ছাড়া গত মঙ্গলবার মারা যাওয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল বারেকেরও (৫৬) করোনা পজিটিভ এসেছে।
আব্দুল বারেক জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ১৫ জুন তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা দেওয়ার পর থেকে তিনি চাঁদপুর শহরে নিজের বাসায় আইসোলেশনে (বিচ্ছিন্ন) ছিলেন। গত মঙ্গলবার বিকেলে তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই দিন দিবাগত রাত তিনটায় মারা যান তিনি। বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে জানা যায়, তিনি করোনা ‘পজিটিভ’ ছিলেন।
নুসরাত জাহান বলেন, নতুন করে সংক্রমিত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রাখা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন পাঁচজন নিয়ে উপজেলায় মোট ৪০ জন করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হলেন। গত বৃহস্পতিবার পর্যন্ত এখানে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩০টি।