মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মদিনা সনদ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুসারে দেশ চলবে। এই সরকার পবিত্র কোরআন এবং সুন্নাহবিরোধী কোনো আইন পাস করবে না।’ খবর বাসস ও ইউএনবির।
গতকাল শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, খুন-খারাবি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইসলামের শিক্ষা নয়। ইসলামের অপব্যাখ্যাকারী এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। ইসলামকে শান্তির ধর্ম আখ্যায়িত করে ধর্মকে ব্যবহার করে কেউ যেন বোমাবাজি, সন্ত্রাসী, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, হাত-পায়ের রগ কেটে দেওয়া, চোখ তুলে নেওয়ার মতো ধর্মবিরোধী কাজ করতে না পারে, এ জন্য তিনি আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করেন।
শেখ হাসিনা বলেন, ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িতদের কোনো ধর্ম নেই, দেশ নেই, এরা গণতন্ত্রেও বিশ্বাসী নয়। তিনি বলেন, ‘ধর্মের নামে স্বার্থান্বেষী মহল যেন আমাদের মধ্যে কোনো বিভাজন ও দ্বিধা তৈরি করতে না পারে, এ জন্যও আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনা সনদে যে নির্দেশ দিয়ে গেছেন, সে অনুযায়ী দেশ চলছে ও চলবে। তবে কোরআন-সুন্নাহভিত্তিক কোনো আইন করা হবে না। আবার আমাদের সরকার কোরআন-সুন্নাহবিরোধী কোনো কাজও করবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন ধর্মসচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকাণ্ড তুলে ধরে বক্তৃতা করেন মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।
প্রধানমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগের নাম শুনলেই ধর্ম গেল, গেল বলে অপপ্রচার চালায়। পাকিস্তান আমল থেকেই এমনটি হয়ে আসছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা, মা-বোনের ইজ্জত লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ করেছিল, ইতিমধ্যে তাদের অনেকের বিচার সম্পন্ন হয়েছে। একজনের ফাঁসির রায়ও কার্যকর হয়েছে। অথচ এই যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে নাশকতা, স্কুলগামী শিশুদের ওপর বোমা হামলা, হাজার হাজার গাছ কেটে ফেলা, আগুনে পুড়িয়ে মানুষ মারার মতো ঘৃণ্য কাজ করেছে। গত বছর আন্দোলনের নামে তারা বায়তুল মোকাররম মসজিদে আগুন দিয়েছিল, মসজিদের সামনের রাস্তায় গরিব হকারদের হাজার হাজার কোরআন শরিফ ও হাদিসের বই পুড়িয়ে দিয়েছিল।
শেখ হাসিনা বলেন, ‘হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতার জন্য আমাদের সরকার সৌদি সরকারের প্রশংসাপত্র পেয়েছে। হজ ব্যবস্থাপনায় আমরা দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছি।’