সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আট চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৩২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মনোনয়নপত্র প্রত্যাহারকারী চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—পাঙ্গাসী ইউনিয়নে আলেয়া খাতুন, শামসুল ইসলাম ফকির ও সাইফুল ইসলাম, সোনাখাড়া ইউনিয়নে সাইফুল ইসলাম, ধুবিল ইউনিয়নে শরিফুল ইসলাম ও পারভীন খাতুন, ব্রহ্মগাছা ইউনিয়নে কামরুল হাসান শেখ এবং নলকা ইউনিয়নে রোকেয়া বেগম। এ ছাড়া সাধারণ সদস্য পদপ্রার্থীদের মধ্যে পাঙ্গাসীতে ছয়জন, ধানগড়ায় দুজন, সোনাখাড়ায় দুজন, ধুবিলে চারজন, ব্রহ্মগাছায় ছয়জন, নলকায় দুজন এবং চান্দাইকোনায় দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।