সংক্ষেপ

মহানগর বিএনপি থেকে পদত্যাগ

নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কমিটির দ্বিতীয় যুগ্ম সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, গতকাল শনিবার দুপুরে ফ্যাক্স ও ই-মেইল করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পদত্যাগপত্রটি তিনি পাঠিয়েছেন। ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে তিনি পদত্যাগ করেছেন। টানা তিনবার সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ও একই সঙ্গে মহানগর যুবদলের আহ্বায়কের পদেও রয়েছেন। খোরশেদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের আপন ছোট ভাই। ১৩ ফেব্রুয়ারি সাবেক সাংসদ আবুল কালামকে সভাপতি ও এ টি এম কামালকে সম্পাদক করে ২৩ সদস্যের মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ