মহাসড়কে দুর্ঘটনা রোধে বাংলাদেশ দুর্ঘটনা প্রতিরোধ গবেষণা কেন্দ্র (সিআইপিআরবি) এবং নিরাপদ পারাপারের (সেইফ ক্রসিংস) এর যৌথ উদ্যোগে ‘নিরাপদ সড়ক পরীক্ষামূলক প্রকল্পের’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মাজাহারুল হক, সিআইপিআরবির নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান, নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ দেশবরেণ্য সড়ক নিরাপত্তা প্রকৌশলী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
সিআইপিআরবি সূত্রে জানা গেছে, নিরাপদে রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনার হার কমানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সড়ক নিরাপত্তার জন্য প্রকৌশলী কার্যক্রম, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা নীলকুঠি, নামাপাড়া ও কুন্দারপাড়া এলাকায় পরীক্ষামূলক এই প্রকল্প চালু করা হয়েছে।