মহিপুরকে থানা ঘোষণার দাবিতে সড়ক অবরোধ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নকে থানায় উন্নীত করার দাবিতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মহিপুর ফেরিঘাট এলাকায় মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
মহিপুর থেকে হাজীপুর ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে মহাসড়কের ওপর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টার পর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলামের অনুরোধে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
মহিপুর ফেরিঘাট এলাকায় সড়কের পাশে সমাবেশে মহিপুর থানা বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুস সালাম আকন বলেন, বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি অনুযায়ী মহিপুরকে থানায় উন্নীত করার ঘোষণা যদি সরকারিভাবে না দেওয়া হয়, তাহলে ১ অক্টোবর থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম সিকদার, বিএনপির মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমান হাওলাদার, আওয়ামী লীগের মহিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, মহিপুর থানা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব কালিম মোহামঞ্চদ, মহিপুর মৎস্য আড়তদার সমিতির সদস্য নিমাই চন্দ্র দাস, মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি সিদ্দিক মোল্লা প্রমুখ।