সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ওপর গত বৃহস্পতিবার ইটপাটকেল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কচুয়া থানায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দু-তিন হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মহীউদ্দীন খান আলমগীরের ওপর হামলার প্রতিবাদে গতকাল কচুয়া বাজারের পল্টন ময়দানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কচুয়া উপজেলা আওয়ামী লীগ।
একই ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ কচুয়া উজানী মাদ্রাসার মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের এ মাদ্রাসার মাঠে একটি ওয়াজ মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১৩টি ফাঁকা গুলি ছোড়ে।