নেত্রকোনার পূর্বধলায় গতকাল রোববার মাইকে পুরস্কার ঘোষণা করে বিড়ির প্রচারণা চালানোর অপরাধে সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন: সাইফুল ইসলাম (৩৫), শাহিনুর রহমান (৪২), সবুজ মিয়া (৪৫), মজিবুর রহমান (৩২), আজিজুল ইসলাম (১৮), মতিউর রহমান (৩২) ও ইসমাইল হোসেন (২৬)। স্থানীয় বাজারে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়। পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহামঞ্চদ মোজাম্মেল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে ঘোষিত পুরস্কারের বিভিন্ন পণ্য, মাইক ও বিড়ি জব্দ করা হয়।কয়েক দিন ধরে একটি প্রতিষ্ঠিত তামাক কোম্পানির কর্মীরা উপজেলার অলিগলি ঘুরে এভাবে বিড়ি বিক্রি ও কিছু বিড়ি বিনা মূল্যে বিতরণ করছিলেন।