দিনাজপুরের ফুলবাড়ী বিজিবির ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় মাদক নির্মূলে তিনি সীমান্তবর্তী উপজেলার গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা চান। মিজানুর রহমান বলেন, দেশের কিছু অসাধু ব্যক্তি সীমান্তবর্তী এলাকার লোকজনকে ব্যবহার করে দেশের অভ্যন্তরে মাদক আনছে। জনবল, পরিবহন ও সীমান্তের রাস্তাঘাট উন্নত না হওয়ার কারণে পুরোপুরি সীমান্ত নিশ্ছিদ্র করাও সম্ভব হয় না। এর পরও জীবনের ঝুঁকি নিয়ে বিজিবি সীমান্ত পাহারা দিচ্ছে।