>

ঝিনাইগাতীর গুরুচরণ দুধনই আদর্শ উচ্চবিদ্যালয়ে ‘সততা স্টোরের’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী শপথ নেয়।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাদক, উত্ত্যক্ত, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেছে। গতকাল বুধবার উপজেলার গুরুচরণ দুধনই আদর্শ উচ্চবিদ্যালয়ে ‘সততা স্টোরের’ উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ শপথ নেয়।
এদিকে সরিষাবাড়ীতে গতকাল দুপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধে শপথ নেয়।
ঝিনাইগাতীতে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এসএমসি) সভাপতি মো. জহুরুল ইসলাম। বক্তব্য দেন ইউএনও রুবেল মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, মানবাধিকারকর্মী জাহিদুল হক প্রমুখ। পরে ইউএনও রুবেল মাহমুদ বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোরের উদ্বোধন করেন। এরপর ছাত্রছাত্রীরা সততা স্টোর থেকে চকলেট, চিপস, খাতা, কলমসহ প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে নিজেরাই পণ্যের গায়ে লেখা টাকা বাক্সে ফেলে মূল্য পরিশোধ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, এসএমসির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এদিকে পৌর শহরের শিমলাবাজারে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল দুপুরে সততা স্টোরের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম।
পরে মাঠে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সহসভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আন্নু মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুর রহমান, সরিষাবাড়ী সালোমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন প্রমুখ। আলোচনা সভা শেষে সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধে শপথ নেয়। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ইউএনও সাইফুল ইসলাম।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস স্বর্ণা বলে, ‘দুর্নীতি প্রতিরোধে আমরা শপথ নিয়েছি। বড় হয়ে আমি দুর্নীতি করব না।’ বাহাদুর আলী বলেন, শিক্ষার্থীদের সহায়তা করতে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।