মাধবপুরে মাইক্রোবাস চাপায় নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় আজ মঙ্গলবার বিকেলে মাইক্রোবাসের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। তবে তাত্ক্ষণিকভাবে নিহত লোকজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ চালক ও মাইক্রোবাসটি আটক করেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার রতনপুরে আজ বিকেল পৌনে চারটার দিকে ঢাকা থেকে সিলেটগামী মাইক্রোবাসটি ১০ বছরের শিশু ও আরেক ব্যক্তিকে চাপা দেয়। মাইক্রোবাসটির চালক দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে চালক রবিউল আওয়াল ও মাইক্রোবাসটি আটক করে। চালকের বাড়ি কুমিল্লায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।