নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগের চার সমর্থককে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালত ১৯ ফেব্রুয়ারি যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন।
গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার যুক্তিতর্কের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালের ১২ মার্চ সকালে উপজেলার জালাকান্দি এলাকার বাড়ি থেকে আওয়ামী লীগের সমর্থক বারেক, বাদল, ওমর ফারুক ও কবীরকে তৎকালীন আড়াইহাজার থানা বিএনপির সহসভাপতি আবুল বাশার ওরফে কাশু ও সাধারণ সম্পাদক জহির মেম্বারের নেতৃত্বে ডেকে লক্ষ্মীবর্দী গ্রামে নেওয়া হয়। এরপর কুপিয়ে ও নির্যাতন চালিয়ে তাঁদের হত্যা করা হয়। এ ঘটনায় বারেকের বাবা আজগর আলী মেম্বার আবুল বাশারসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।