মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন ২৬ মে তিন দিনের সফরে ঢাকায় আসছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গতকাল সোমবার বলা হয়েছে, ঢাকা সফরের সময় শারমেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামীকাল থেকে তিনি ২৮ মে পর্যন্ত ইন্দোনেশিয়া, ভারত ও বাংলাদেশ সফর করবেন। এর মধ্যে ২১-২৩ মে ইন্দোনেশিয়া এবং ২৪-২৫ মে ভারত সফর করবেন। ২৬ ও ২৭ মে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় অংশীদারি সংলাপে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তিন দিনের বাংলাদেশ সফরের সময় ওয়েন্ডি শারমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে উন্নয়ন, নাগরিক সমাজ ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও মৌলবাদী সহিংসতা দমন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নারীর ক্ষমতা, লিঙ্গবৈষম্যসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। গত বছরের ৫-৬ মে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরকালে যৌথ অংশীদারি সংলাপের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। এরই ধারাবাহিকতায় ১৯-২০ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম অংশীদারি সংলাপ হয়। ঢাকা সফরকালে ওয়েন্ডি শারমেন তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ বিষয়ে গোলটেবিল বৈঠকে শ্রমিকনেতা, মালিক প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।