দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন উপসহকারী মন্ত্রী অতুল কেশাপ গতকাল শনিবার চার দিনের এক সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি নানা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করবেন। খবর ইউএনবির।
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে মার্কিন উপসহকারী মন্ত্রী কেশাপ ‘জাতীয় নেতৃত্ব’, সুশীল সমাজের নেতা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রম, উন্নয়ন, শাসনব্যবস্থা, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা অতুল কেশাপ দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এর আগে কেশাপ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।