মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা কাল ঢাকায় আসছেন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা প্যাট্রিক মার্ফি কাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন। রাখাইন রাজ্যের সহিংসতা এবং মিয়ানমারের সংস্কার-প্রক্রিয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের নীতিমালা নিয়ে তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এ উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমারের অবৈধ নাগরিকদের প্রসঙ্গ প্রাধান্য পাবে।