মালিতে বিস্ফোরণে বাংলাদেশের চার শান্তিরক্ষী আহত হয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালির টাবানকোর্ট নামক স্থানে বাংলাদেশ থেকে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ইউনিটের একটি দল টহল দিচ্ছিল। এ সময় বিস্ফোরণ ঘটলে দলের তিন কর্মকর্তা ও এক সৈনিক গুরুতর আহত হন।
আহত শান্তিরক্ষীরা হলেন মেজর আশরাফ (এএমসি), মেজর শাহরিয়ার (সিগন্যাল কোর), মেজর তুশিত বড়ুয়া (আর্মর্ড কোর) এবং সৈনিক শরিফুল (পদাতিক)। তাঁরা মালির একটি ফরাসি হাসপাতালে চিকিৎসাধীন।