মাল্টিপল ভিসা দেওয়ার আশ্বাস

চট্টগ্রামের প্রকৃত ব্যবসায়ীদের মাল্টিপল ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন সিঙ্গাপুরের কনসাল ড্যারিল লউ। তিনি গতকাল সোমবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে এই আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি মো. নুরুন নেওয়াজ, পরিচালক এম এ ছালাম, মাহফুজুল হক শাহ, এস এম মাহবুবুল ইসলাম, আশিক ভূঁইয়া, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী প্রমুখ। সিঙ্গাপুরের কনসাল ড্যারিল লউ বলেন, চট্টগ্রামের প্রকৃত ব্যবসায়ীদের জন্য মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হবে। ভিসা প্রদান-প্রক্রিয়া সহজ করার জন্য শিগগিরই দুটি এজন্ট নিয়োগ দেওয়া হবে। তিনি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো কাজে লাগাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।