সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল শনিবার মিরপুরে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পশ্চিম বিভাগ। দুই দফার এই অভিযানে ১৪টি বাস, ২১টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল রাতে মিরপুর-১ নম্বরে অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, প্রথমে মিরপুর-১৪ নম্বরে অভিযানে চালানো হয়। এই অভিযানে রুট পারমিট না থাকায় ১৩টি বাস ও ১৩টি সিএনজিচালিত অটোরিকশা ডাম্পিংয়ে পাঠানো হয়। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, ইনস্যুরেন্স ও রেজিস্ট্রেশনের কাগজ না থাকায় ১৪টি মোটরসাইকেল ডাম্পিংয়ে পাঠানো হয়।
মশিউর রহমান বলেন, মিরপুর-১৪ নম্বরের অভিযান শেষে মিরপুর-১ নম্বরে অভিযান চালানো হয়েছে। এ সময় একই ধরনের অপরাধে ১২টি সিএনজিচালিত অটোরিকশা, ইতিহাস পরিবহনের একটি বাস ও ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়।